গণঅভ্যুত্থানে শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল সোমবার (২ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় শহীদ ইউসুফের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদাত হোসেন।
প্রতিনিধিদলের সদস্যরা শহীদ ইউসুফের মা সাথী ইসলামের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার সন্তানের শহীদের মর্যাদা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. আব্দুল আওয়াল, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ তুষারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গত ২৬ ফেব্রুয়ারি ‘ঠান্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেউ’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।