মুন্সীগঞ্জ সদরে বাজারের টেন্ডার (দরপত্র) জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সদর উপজেলার ৬টি বাজারের টেন্ডার জমা দেওয়ার নির্ধারিত দিন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ধলাগাঁও বাজারের ইজারার জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন টেন্ডার জমা দিতে যান।
এ সময় টেন্ডার জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। বাবু স্থানীয় বিএনপি কর্মী রোমান দেওয়ানের সমর্থক হিসেবে পরিচিত।
এ বিষয়ে টুটুল পক্ষের তুষার আহমেদ শাকিল বলেন, “টেন্ডার জমা দেওয়ার অধিকার সবার আছে। আমাদের জমা দেওয়ার সময় রোমান দেওয়ানের সমর্থক বাবু বাঁধা দিয়েছে। এ নিয়ে ধস্তাধস্তি হয়।”
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যেই সবার টেন্ডার জমা নেওয়ার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”