আন্তর্জাতিক

ইরাকের ইরবিলে মার্কিন স্থাপনায় ২৩ ড্রোন হামলার দাবি ইরানপন্থি গোষ্ঠীর

ইরাকের ইরবিল শহরে অবস্থিত মার্কিন দূতাবাস ও বিমানবন্দর লক্ষ্য করে ২৩টি ড্রোন হামলার দাবি করেছে ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করে। খবর আল-জাজিরার। 

ইসলামিক রেজিস্ট্যান্সের দাবি, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা এই হামলাগুলো চালিয়েছে। 

দেশটির রাজনৈতিক নেতারা শান্ত থাকার আহ্বান জানানো সত্ত্বেও এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হচ্ছে। 

ইরাক সরকার এই ঘটনায় কঠোর সতর্কতা জারি করেছে। তারা স্পষ্টভাবে বলেছে, “সংঘাতের সঙ্গে জড়িত কোনো পক্ষের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করা যাবে না।”  তারা সতর্ক করে বলেছে, “এই ধরনের কর্মকাণ্ড ইরাককে আরও বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।” 

ইরাক সরকার সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের এবং যুদ্ধের বিস্তার রোধ করার আহ্বান জানিয়েছে।