ইরানের সঙ্গে আপস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান দুইবার চুক্তি করা থেকে পিছু হটেছে।
সোমবার (২ মার্চ) হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। খবর আল-জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তার পূর্বসূরি বারাক ওবামা প্রশাসনকে দায়ী করেন- যা এই যুদ্ধ শুরু করার পেছনে তার মতে অন্যতম প্রধান কারণ।
ট্রাম্প বলেন, “আমাদের দেশের করা একটি বোকামি চুক্তির মাধ্যমে তারা (ইরান) বৈধভাবেই পারমাণবিক অস্ত্র পাওয়ার পথে ছিল।”
তিনি আরও বলেন, “অবশেষে আমরা নিশ্চিত করছি যে, এই শাসকগোষ্ঠী (ইরান) যেন তাদের সীমান্তের বাইরে কোনো বাহিনীকে অর্থায়ন বা পরিচালনা করতে না পারে। আমরা ভেবেছিলাম একটি চুক্তি হয়েছে, কিন্তু তারা পিছিয়ে গেল। এরপর তারা আবার আলোচনায় ফিরে এল, আমরা ভাবলাম চুক্তি হয়েছে, তারা আবারও পিছিয়ে গেল। আমি বললাম, ‘এই লোকদের (ইরানি আলোচকদের) সঙ্গে আপনি কোনো চুক্তি করতে পারবেন না’। আমাদের এটি সঠিক পদ্ধতিতেই (হামলা) করতে হবে।”