আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: ন্যাটো প্রধান

পশ্চিমা সামরিক জোট ন্যাটের মহাসচিব মার্ক রুটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা করেছেন, তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে ন্যাটো জোটের যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। খবর আল-জাজিররা। 

ব্রাসেলসে জার্মানির এআরডিটেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুটে বলেন, ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যা করছে তা ‘সত্যিই গুরুত্বপূর্ণ’।

তবে জোট হিসেবে ন্যাটো এতে অংশ নেবে না। রুটে বলেন, ‘এই যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশীদার হওয়ার বিন্দুমাত্র কোনো পরিকল্পনা নেই।” তিনি আরো যোগ করেন যে, ন্যাটোর সদস্য দেশগুলো ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করতে পারে।

এর আগে ইরান সংকট নিয়ে ন্যাটো প্রধান ও জার্মানির চ্যান্সেলরের সঙ্গে ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

আল-জাজিরার খবরে বলা হয়, ফোনালাপে এরদোয়ান ন্যাটো প্রধানকে বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনীতিকে অবশ্যই সুযোগ দিতে হবে।

এরদোয়ান জানান, তুরস্ক ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পৃথকভাবে, এরদোয়ান এই সংঘাত নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গেও আলোচনা করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, এরদোয়ান মের্জকে বলেছেন- এই অঞ্চলের সংঘাতগুলো আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে পুনরায় আলোচনায় বসার আহ্বান পুনর্ব্যক্ত করেন।