ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল-জাজিরার।
গোষ্ঠীটি জানায়, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে তারা একঝাঁক ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
হিজবুল্লাহর মতে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই আক্রমণ চালিয়েছে।
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা
বাহরাইনের শাইখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, আজ সকালে চালানো হামলায় ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর ফলে মার্কিন বিমানঘাঁটির সদরদপ্তরের ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকগুলোতে আগুন লেগেছে।
তবে বাহরাইন থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার পর্যন্ত পাকিস্তানের ভিসা সাক্ষাৎকার বাতিল করল যুক্তরাষ্ট্র
পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সব ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সিদ্ধান্ত শুধু রাজধানীর দূতাবাসেই নয়, লাহোর ও করাচিতে থাকা কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত ভিসা সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত থাকবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে গত রবিবার করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কনস্যুলেট ভবনে হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের খবর প্রকাশের পর ওই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে।
কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার দাবি ইরানের
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতি জানায়, তারা ১০টি ড্রোন ব্যবহার করে কুয়েতে মার্কিন সেনাসমৃদ্ধ ‘আরিফজান ঘাঁটিতে’ নতুন দফায় হামলা চালিয়েছে।
ইরানের দাবি, ড্রোনগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হামলায় সোমবার ইরানে অন্তত ৯৬ জন নিহত: মানবাধিকার সংস্থা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত। এর মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক ও ১১ জন সামরিক সদস্য রয়েছেন।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এ তথ্য জানায়।
গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪২ জন। এর মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।
এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছিল, হামলায় মৃতের সংখ্যা ৫৫৫ জন।
তবে আলজাজিরা জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানায়, সোমবার যুক্তরাষ্ট্র–ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে আঘাত হানে। এর মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বন্দর আব্বাসে অবস্থিত শহীদ বাহোনার জেটি রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ইরানের বড় হামলা
সংযুক্ত আরব আমিরাতের দিকে নতুন করে একঝাঁক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাত এ তথ্য জানিয়ে বলেছে, ইরান থেকে উৎক্ষেপণ করা বড় ধরনের এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে তারা কাজ করছে। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, “আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ইরান থেকে আসা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে।”
মন্ত্রণালয় আশ্বস্ত করে বলেছে, “দেশের ভূখণ্ড রক্ষা এবং নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।”
হংকংভিত্তিক সংবাদমাধ্যম ডিমসাম ডেইলি বলছে, সাম্প্রতিক দিনগুলোতে চালানো এই ইরানি ক্ষেপণাস্ত্র হামলা দুবাইয়ের দীর্ঘদিনের সেই ইমেজকে নাড়িয়ে দিয়েছে- যা প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও গ্ল্যামারাস শহর হিসেবে পরিচিত ছিল। অভিজাত এলাকাগুলোর আকাশে ধোঁয়ার কুণ্ডলী ও ক্ষয়ক্ষতির খবর দেখে অনেক প্রবাসী ও পর্যটক এখন সেখানে থাকা বা যাওয়ার পরিকল্পনা নতুন করে ভাবছেন। তবে এর মধ্যেই স্কুল এবং শপিং মলগুলো আগের মতোই স্বাভাবিকভাবে চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আতঙ্ক প্রকাশ করলেও কেউ কেউ বলছেন, দুবাইয়ের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।
বিশ্লেষকদের মতে, আইকনিক স্থানগুলোর কাছাকাছি ক্ষয়ক্ষতির দৃশ্য দুবাইয়ের 'অজেয়' থাকার ধারণাকে আঘাত করেছে। বিশেষ করে যারা অন্য দেশের যুদ্ধবিগ্রহ থেকে বাঁচতে দুবাইয়ে আশ্রয় নিয়েছিলেন, তাদের মনে নতুন করে ভয় ঢুকেছে। যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা হয়েছে, তবুও মানুষের মনের এই আতঙ্ক কাটতে সময় লাগবে।