সারা বাংলা

এমপি পত্নীর উপস্থিতিতে সভা, ইউএনও-এসিল্যান্ড বদলি

প্রশাসনিক সভায় সংসদ সদস্যের স্ত্রীকে অতিথি হিসেবে রাখাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যেই হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন দে ও সহকারী কমিশনার ভূমি মাহবুবুল আলমকে বদলি করা হয়েছে। 

রবিবার (১ মার্চ) আলাদা প্রজ্ঞাপনে লিটন দেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমান আদেশে স্বাক্ষর করেছেন।

সরকারি আদেশে এ রদবদলের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের দাবি, বির্তকিত ওই সভার জেরে ইউএনও এবং সহকারী কমিশনার ভূমিকে বদলি করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসনে বসেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া। সেখানে তিনি বক্তব্যও দেন।

ওই সভার ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সিমি কিবরিয়ার এক পাশে বসে আছেন ইউএনও লিটন দে, অন্য পাশে এসিল্যান্ড মাহবুবুল আলম এবং ওসি সাইফুল ইসলাম। সরকারি সভায় একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের এমন উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।