মধ্যপ্রাচ্যে চলমান সংঘতের কারণে কাতার সরকার সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতারের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তে মেয়াদ উত্তীর্ণ বা শীঘ্রই মেয়াদ শেষ হতে যাওয়া সকল ভিসা অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ফি নেওয়া হবে না। ভ্রমণকারীদেরকে কোনো অতিরিক্ত আবেদন জমা দিতে বা সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে না।
তবে জরিমানা থাকা ভ্রমণকারীদের জন্য শর্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি আগে যাদের ভিসা লঙ্ঘন বা জরিমানা হয়েছে তাদেরকে প্রথমে নির্ধারিত সংশোধনমূলক জরিমানা পরিশোধ করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতির দিকে খেয়াল রাখছে এবং আবাসিক ও পর্যটকদের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, জানালা বা উন্মুক্ত জায়গার কাছাকাছি যাবেন না এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং আরো কয়েকজন শীর্ষ সামরিক নেতাকে হত্যা করেছে। ইরানজুড়ে সামরিক ও সরকারি নানা অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। ইরানে এখন পর্যন্ত সাতশোর বেশি মানুষ মারা গেছে।
জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
বিশ্বের অন্যতম শীর্ষ গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এরইমধ্যে তাদের স্থল ও সমুদ্রসীমানায় অবস্থিত অর্থনৈতিক স্থাপনাগুলোর সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ইরান দাবি করেছে, তারা উপসাগরীয় দেশগুলো নয়, মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে এবং এটি করার বৈধ অধিকার তাদের রয়েছে।