জাতীয়

‘অ-পাহাড়ি’ প্রতিমন্ত্রী প্রত্যাহার চায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে ‘অ-পাহাড়ি’ প্রতিমন্ত্রীকে প্রত্যাহারসহ সরকারের কাছে পাঁচ দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী।

লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপি ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বহুজাতির সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা (রেইনবো নেশন) বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ একে স্বাগত জানিয়েছে। এই রেইনবো নেশনের বনিয়াদ মজবুত করার লক্ষ্যে সরকারের উচিত, পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অ-পাহাড়ি প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে নেওয়া। এই দপ্তর পুনর্বণ্টন করা।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন দীপেন দেওয়ান। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তারা প্রত্যাশা করছেন, ২০০১ সালে চুক্তি বাস্তবায়নপ্রক্রিয়া এগিয়ে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেমন রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনি তার পদাঙ্ক অনুসরণ করবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নপ্রক্রিয়া সচল রাখতে বিচক্ষণ ভূমিকা রাখবেন।

পাঁচ দফা দাবি: ১. পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা। ২. অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটি পুনর্গঠন করা। ৩. দ্রুততম সময়ে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর করা। ৪. অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাথে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সংলাপ আয়োজন করা। ৫. পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে সাংঘর্ষিক হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ‘অ-পাহাড়ী’ প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয় থেকে প্রত্যাহারপূর্বক দপ্তর পুনর্বণ্টন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির, আদিবাসী অধিকারকর্মী দীপায়ন খীসা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন প্রমুখ।