অমর একুশে বইমেলা মানেই নতুন বইয়ের গন্ধ, নতুন গল্পের ভিড়। নিয়মিত লেখকদের পাশাপাশি এবারও মেলায় হাজির হচ্ছেন তারকারা। কেউ নিজের লেখা নিয়ে, কেউ সম্পাদনায়, আবার কেউবা স্মরণগ্রন্থে উঠে এসেছেন নতুন আলোচনায়। উপন্যাস, পুরাণ, স্মৃতিকথা, রাজনৈতিক থ্রিলার থেকে রহস্যগল্প—বৈচিত্র্যে ভরা এবারের তালিকা।
প্রকাশিত হচ্ছে প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ (ষষ্ঠ খণ্ড)। ভাষাচিত্র থেকে প্রকাশিত বইটিতে রয়েছে তার কালজয়ী গানের পেছনের গল্প ও প্রেক্ষাপট। তার ছেলে সরফরাজ আনোয়ার উপল বলেন, “বাবার গান সংরক্ষণ এবং জনপ্রিয় সৃষ্টির অন্তরালের গল্প পাঠকের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য।”
অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত নিয়ে এসেছেন ‘এলো এলোমেলো ৮০’। আলোঘর প্রকাশনা থেকে বের হওয়া বইটি তার ৮০ বছরের জীবনযাত্রার স্মৃতিচারণা। অভিনয়, নাট্যচর্চা ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা স্থান পেয়েছে বইটিতে। আবুল হায়াতের ভাষায়, এলোমেলো জীবনকে গুছিয়ে বলার চেষ্টা করেছেন তিনি, যাতে পাঠক তার সময়ের ভেতর দিয়ে হাঁটতে পারেন।
অভিনেত্রী শানারেই দেবী শানু হাজির হয়েছেন ‘মেইতেই পুরাণ’ নিয়ে। আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটি মণিপুরী প্রাচীন ধর্মগ্রন্থ ‘ওয়াকলোন পুয়া’ অবলম্বনে রচিত। এতে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্য, দেবতা-দানব-মানুষের দ্বন্দ্ব এবং প্রকৃতির সঙ্গে মানবিক সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। শানু জানান, শেকড়ের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তার উদ্দেশ্য।
সংগীতশিল্পী জয় শাহরিয়ার সম্পাদনা করেছেন ‘শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’। আজব প্রকাশ থেকে প্রকাশিত গ্রন্থটিতে সত্তর দশকের সংগীত আন্দোলন ও শিল্পী শহীদ মাহমুদ জঙ্গীর স্মৃতি উঠে এসেছে। এতে লিখেছেন ফাইসাল সিদ্দিকী বগী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, পিলু খান, পার্থ বড়ুয়া, সামিনা চৌধুরী, লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদসহ অনেকে। জয় শাহরিয়ার বলেন, “এটি শুধু একজন শিল্পীকে স্মরণ নয়, একটি সময়কে দলিলবদ্ধ করার প্রয়াস।”
রহস্য ও অতিপ্রাকৃত আবহে গল্পসংকলন ‘অ-দৃশ্যে?’ নিয়ে এসেছেন নাট্যাভিনেত্রী ফারজানা রহমান ছবি। মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত বইটিতে পাঁচটি গল্পে ব্যক্তি অভিজ্ঞতার ছায়া ও ব্যাখ্যাতীত অনুভূতির মুখোমুখি করা হয়েছে পাঠককে। লেখক জানান, অজানা অনুভূতিগুলোই গল্পে ধরার চেষ্টা করেছেন তিনি।
রাজনৈতিক প্রেক্ষাপটে উপন্যাস ‘কালো নদী লাল তীর’ লিখেছেন গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান। অন্যপ্রকাশ থেকে বের হওয়া এটি তার ৩৩তম বই। নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর দ্বন্দ্ব, ষড়যন্ত্র ও রহস্যের কাহিনি উঠে এসেছে উপন্যাসে। লুৎফর হাসান বলেন, “রাজনীতির অন্দরমহলের অদৃশ্য সংঘাতকে গল্পের নাটকীয়তায় ধরার চেষ্টা করেছি।”