প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তবে তিনি বলেন, “এ সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।”
মন্ত্রী জানান, বর্তমানে ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। ছাড় কার্যকর হলে অনলাইন প্ল্যাটফর্মে বয়স ও পরিচয় যাচাইয়ের অপশন থাকবে। ৬৫ বছরের বেশি বয়সী যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত নির্ধারিত কার্ড দেখাতে হবে অনবোর্ডেও যাচাই করা হবে।
মুক্তিযোদ্ধারা এ সুবিধার আওতায় পড়বেন কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এ বিষয়ে ওই দিন আলোচনা হয়নি।”
রেলের সার্বিক উন্নয়নে নতুন উদ্যোগ রেল খাতের উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, “সেবার মান বাড়ানো, ট্রেনের গতি বৃদ্ধি এবং স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে বিদ্যমান প্রকল্পগুলোর বাস্তবায়ন জোরদার করা হচ্ছে। পাশাপাশি নতুন প্রকল্পও নেওয়া হচ্ছে, যাতে রেলসেবা আরও জনবান্ধব ও মানসম্মত হয়।”
তিনি জানান, আসন্ন ঈদে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এটি সম্ভব হলে বাড়তি যাত্রীচাপ সামাল দিয়ে সময়সূচি বজায় রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঈদে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না জানিয়ে মন্ত্রী বলেন, “বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহনের অঙ্গীকার করেছে।”
সরকার কঠোর নজরদারিতে থাকবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, “ঈদের আগে মাত্র দুই দিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ে যা বিশ্বের আর কোনো শহরে দেখা যায় না। ফলে চাপ তৈরি হয়, তবে প্রস্তুতি অনুযায়ী ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।”
ঈদে ছুটি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “একদিন ছুটি বাড়ালে যাত্রা আরো স্বস্তির হতে পারে, তবে সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”