ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে এই ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়ে জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর আগমন উপলক্ষে ১১ দলীয় জোট ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে সংবর্ধনা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। এর আয়োজন চলছিল। তখন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ময়মনসিংহ উত্তর জেলা তাঁতিদলের সদস্য সচিব রনপ আহামেদ আজিজুলের নেতৃত্বে মঞ্চ, চেয়ার, টেবিল ভাঙচুর করে। এ সময় সংসদ সদস্যের এক কর্মীকে মারধর করে তার স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা তাঁতিদলের সদস্য সচিব রনপ আহামেদ আজিজুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আয়োজন করেছিল। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করেছে।
কুচক্রী মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’’
তারাকান্দা থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।