জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় সব পদক্ষেপ নিয়েছি: বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘‘বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহে সাময়িক সমন্বয় বা হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ইতোমধ্যে সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছি। তবে জনগণের সহযোগিতা ছাড়া এই সংকট মোকাবিলা করা কঠিন হবে।’’ তিনি সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। 

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে বিশ্বে জ্বালানি সংকট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

মন্ত্রী আরো বলেন, ‘‘রমজানে জনদুর্ভোগ যাতে না হয়, সেই লক্ষ্যে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ এবং ব্যক্তিগত যানবাহন কমিয়ে পাবলিক পরিবহন ব্যবহারের জন্য আমরা জনগণকে অনুরোধ জানাচ্ছি।’’ 

খোলাবাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসির চেয়ারম্যান, পিডিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী  বলেন, ‘‘সরকার জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সকল উৎস থেকে ব্যবস্থা নিচ্ছে।’’ সাময়িক সংকট মোকাবিলায় ধৈর্য ধারণ করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।