জাতীয়

সরকারি কাজে অবহেলা সহ্য করা হবে না: শ্রমমন্ত্রী 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ শ্রমিক ও মেহনতি মানুষের দেশ। অথচ শ্রমিকদের সরকারি সহায়তা ও সেবা প্রদানে এখনো পুরনো কাগুজে পদ্ধতির ওপর নির্ভরতা দুঃখজনক।  

তিনি বলেন, সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ থেকে নিষ্ঠার সঙ্গে তা পালন করতে হবে।

বুধবার (৪ মার্চ) রাজধানীর  শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি স্তরে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করে শ্রমিক হয়রানিমুক্ত সেবা প্রদান করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় তিনি সেবার মানোন্নয়নের অংশ হিসেবে দেশের ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রস্তুতের নির্দেশ দেন। একইসঙ্গে শ্রম অধিদপ্তরের আইটি সেক্টরসহ চলমান সব উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার বলেন, শিশুশ্রম একটি জঘন্য অপরাধ। এটি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে শ্রম পরিদর্শকদের আরো সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।

এ সময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আক্তার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মুনির হোসেন খানসহ শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।