স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয় এ অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো বিস্তৃত ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশ এর পল্লী উন্নয়ন খাতে সুইজারল্যান্ডের চলমান সহায়তার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় রাষ্ট্রদূত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুইজারল্যান্ড একটি গুরুত্বপূর্ণ সহযোগী।”
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সহযোগিতার পরিসর আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি সুইজারল্যান্ডের প্রতিনিধিদলকে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে দুই দেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পল্লী উন্নয়ন কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কূটনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
উভয়পক্ষই আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরো গতিশীল হবে।