বরগুনার পাথরঘাটায় হরিণ শিকারের অভিযোগে গ্রেপ্তার হন মো. হানিফা (৪৫) নামের এক ব্যক্তি। এতে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে তালাকের নোটিশ দিয়েছেন তার স্ত্রী শাহীনুর বেগম (৪০)। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পাথরঘাটা পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, গত সোমবার রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার খাল এলাকা থেকে দুটি জবাই করা হরিণসহ গ্রেপ্তার হন হানিফা।
মো. হানিফা পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা। বিয়ের পর দীর্ঘদিন ধরে স্ত্রী শাহীনুরকে নিয়ে পাথরঘাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।
তালাকের সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সালাম শরীফ বলেন, “হানিফা জবাই করা দুই হরিণ ও শিকারের ফাঁদসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে তালাক দিয়েছেন স্ত্রী শাহীনুর। তালাকের অনুলিপি পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
শাহীনুর বেগম বলেন, “হানিফাকে এই খারাপ পথ থেকে ফিরে আসতে একাধিকবার অনুরোধ করেছি, সে কথা শুনেনি। আমার ছোট ভাই জহিরুল ইসলাম বন বিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ের মালি হিসেবে কর্মরত। স্বামীর এমন কর্মকাণ্ডে ভাইয়ের চাকরি হারাবার মতো অবস্থা হয়েছে। আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছে হানিফা। তাই বাধ্য হয়ে তালাক দিয়েছি।”
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, হানিফাকে গ্রেপ্তারের সময় হরিণ শিকারের ৯টি ফাঁদ, জবাই করা দুটি হরিণ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
হরিণঘাটা সংরক্ষিত বন-সংলগ্ন হাঁড়িটানা ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম বলেন, “বন রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো তদারকি প্রয়োজন।”