আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী ইরানি ইউনিটের নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টার সাথে জড়িত ইরানি ইউনিটের নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

হেগসেথ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টাকারী ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে। ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প শেষ হাসি হেসেছিলেন।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ওই ইরানির নাম উল্লেখ না করলেও জানিয়েছেন, অভিযানটি মঙ্গলবার সংঘটিত হয়েছিল।

ইরান ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের কথা অস্বীকার করে এবং ট্রাম্প ও মার্কিন সরকারের দাবি প্রত্যাখ্যান করে।

২০২৪ সালের নভেম্বরে, মার্কিন বিচার বিভাগ অভিযোগ করে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কর্পস ট্রাম্পকে হত্যার নির্দেশ দিয়েছে। এই কথিত ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে একজন ইরানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছিল, কোনো আক্রমণ চালানোর আগেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো কথিত পরিকল্পনাটি ব্যর্থ করে দিয়েছে।