আজারবাইজানে ইরানের ড্রোন হামলা
আজারবাইজানের নাখচিভান অঞ্চলের একটি বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা চালিয়েছে ইরান। একটি ভিডিওতে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর ভবন থেকে ধোঁয়া উড়তে এবং অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।
বিমানবন্দরে আঘাত হানার পর বিমানবন্দরের গাড়ি পার্ক থেকে ধারণ করা আরেকটি ভিডিওতে একটি ড্রোন বিধ্বস্ত এবং নিকটবর্তী শাকারাবাদ গ্রামের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি ড্রোন বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং অন্যটি শাকারাবাদের একটি স্কুল ভবনের কাছে পড়ে। এতে দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
আজারবাইজান এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেবে ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার মুখে থাকা উপসাগরীয় দেশগুলোতে ইতালি আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে। খবর আল-জাজিরার।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, একটি ইতালীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেলোনি বলেন, “যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোতে সহায়তা পাঠানোর ইচ্ছা পোষণ করে; বিশেষ করে প্রতিরক্ষা এবং সুনির্দিষ্টভাবে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে।”
তিনি আরো যোগ করেন, “এটি কেবল তারা বন্ধুপ্রতীম দেশ বলেই নয়, বরং সবচেয়ে বড় কারণ হলো- হাজার হাজার ইতালীয় নাগরিক এই অঞ্চলে বসবাস করছেন এবং সেখানে প্রায় দুই হাজার ইতালীয় সৈন্য মোতায়েন রয়েছে। এই মানুষদের রক্ষা করা আমাদের দায়িত্ব এবং আমরা তাদের সুরক্ষা দিতে চাই।”
এই যুদ্ধ কতদিন চলবে তা আমাদের কাছে বড় বিষয় নয়: ইরানি জেনারেল
ইরানি জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না করা পর্যন্ত ইরান ‘এই যুদ্ধ ছেড়ে যাবে না’। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বরাতে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার কিউমার্স হায়দারি এমন অঙ্গীকারের কথা জানান।
তিনি বলেন, “এই যুদ্ধ কত দিন স্থায়ী হবে তা আমাদের কাছে কোনো বিষয় নয়।”
তিনি আরো যোগ করেন, “আমাদের আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। আমরা এই যুদ্ধ তখনই শেষ করব যখন আমাদের লক্ষ্যগুলো অর্জিত হবে এবং শত্রুকে তাদের এই ন্যক্কারজনক কাজের জন্য অনুতপ্ত ও হতাশ করতে পারব।”
ইরানে ১০৫ বেসামরিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলি হামলা: রেড ক্রিসেন্ট
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত শনিবার থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ১ হাজার ৩৩২টি হামলার রেকর্ড তারা সংগ্রহ করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ৬৩৬টি অবস্থানে এই অভিযানগুলো চালানো হয়েছে, যার মধ্যে অন্তত ১০৫টি বেসামরিক স্থাপনা রয়েছে।
রেড ক্রিসেন্টের প্রতিবেদনে আরো বলা হয়, আক্রান্ত স্থাপনাগুলোর মধ্যে ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং ৭টি রেড ক্রিসেন্ট ভবন রয়েছে। এছাড়া অন্তত ১৭৪টি শহর হামলার শিকার হয়েছে বলে তারা জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে ‘সামরিক সরঞ্জাম’ পাঠানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, একটি আপদকালীন পরিকল্পনা হিসেবে অস্ট্রেলিয়ার ‘সামরিক সরঞ্জাম’ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তবে কী ধরনের সরঞ্জাম পাঠানো হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
অস্ট্রেলিয়াম সংবাদমাধ্যম এসবিএস নিউজের খবর বলছে, ইতিমধ্যে দুটি সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।
এ পদক্ষেপের ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটি জড়িত হচ্ছে যাচ্ছে কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
ইরানের মোবাইল মিসাইল লঞ্চার লক্ষ্য করে মার্কিন হামলা অব্যাহত
তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক অভিযান ষষ্ঠ দিনে পর্দাপণ করার সাথে সাথে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের মোবাইল মিসাইল লঞ্চার ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ““আমরা খুব নিখুঁতভাবে এই হুমকিগুলো খুঁজে বের করছি এবং ধ্বংস করছি।”
সেন্টকম-এর পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মার্কিন সামরিক বাহিনী ধারাবাহিকভাবে বেশ কিছু হামলা চালাচ্ছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় ইরানের মোবাইল মিসাইল লঞ্চারগুলো (ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা) ধ্বংস করা হয়েছে।
ইরান ইস্যুতে সুর নরম করে মিত্রদের পাশে থাকার ঘোষণা কানাডার
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি এর আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বললেও, এখন তিনি বলছেন- তার দেশ ‘মিত্রদের পাশে থাকবে’। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (৫ মার্চ) ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী নিজেদের অবস্থান তুলে ধরেন।
কার্নি জানান, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কানাডা অংশগ্রহণ করবে না। তবে সংঘাত ছড়িয়ে পড়লে তিনি কি এই অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেবেন- এমন প্রশ্নের জবাবে কার্নি বলেন, “যেকোনো কিছু ঘটা সম্ভব।”
একজন কানাডীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনি এমন একটি সংঘাত নিয়ে মৌলিক অনুমিত প্রশ্ন করেছেন যা অত্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। আজকের ঘটনা বা সাম্প্রতিক ঘটনাগুলো সেদিকেই ইঙ্গিত দিচ্ছে, তাই অংশগ্রহণের বিষয়টি কেউ কখনোই নিশ্চিতভাবে নাকচ করতে পারে না। আমরা আমাদের মিত্রদের পাশে থাকব।”
তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ
ইরানের বিভিন্ন শহরে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গত এক ঘণ্টায় তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
আল-জাজিরার যাচাইকৃত একটি ফুটেজে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজেও একাধিক বিস্ফোরণ দেখা গেছে।স্থানীয় সূত্রগুলোর তথ্যানুসারে, হামলার লক্ষ্যবস্তু একটি রেডিও ও টেলিভিশন ভবন বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণে পার্শ্ববর্তী ঘরবাড়ির জানালা ভেঙে গেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ১৯তম দফার হামলা শুরু করল ইরান
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের ১৯তম দফার হামলা শুরু করেছে। আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসলিম এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
তাসনিম আইআরজিসির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সর্বশেষ এই হামলায় ইসরায়েল এবং ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ উভয়কেই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি তাদের এই অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ ৪’।