গান দিয়ে যিনি প্রেম, বিরহ আর জীবনবোধের কথা বলেন, সেই জিসান খান শুভ এবার হাজির হয়েছেন নতুন কাব্যগ্রন্থ নিয়ে। ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা-য় প্রকাশিত হচ্ছে তার দ্বিতীয় কবিতার বই ‘আজও সৈকতে’।
গত বইমেলায় ‘আহা আমি’ দিয়ে শুরু হয়েছিল তার কাব্যযাত্রা। নতুন বই সম্পর্কে শুভ জানান, সমুদ্র তার ব্যক্তিজীবনে গভীর প্রভাব ফেলেছে। সেই সমুদ্রই এবারের বইয়ের মূল প্রতীক। না বলা কথা, অব্যক্ত ব্যথা আর যাপিত জীবনের আবেগকে তিনি তুলনা করেছেন সমুদ্রের বিশালতার সঙ্গে।
কবিতা প্রসঙ্গে শুভর বিশ্বাস, প্রতিটি ভালো গানের ভেতরেই একটি কবিতা লুকিয়ে থাকে। তাই গান আর কবিতার ব্যবধান তার কাছে খুবই সামান্য।
বইটির ফ্ল্যাপ লিখেছেন কবি স্বপ্নীল চক্রবর্ত্তী। প্রচ্ছদ করেছেন পার্থ দিবস চৌধুরী। নবকথন প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে মেলার ২৩৮-২৪০ নম্বর স্টলে।