জাতীয়

সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে: তথ্যমন্ত্রী

আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপ ও উদ্যোগগুলো প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে আলোচান হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। 

সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতির ভাষণে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণসহ যেসব উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে, সেগুলো যেন রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে প্রতিফলিত হয় সে বিষয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরো বলেন, “রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বেশ কিছু প্রস্তাব ও প্রসঙ্গ উঠে এসেছে। আলোচনা শেষে ভাষণের বিষয়বস্তু চূড়ান্ত করা হবে।” 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে প্রধানমন্ত্রী আলাদা বৈঠক ডাকবেন। সেখানে অর্থমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।”