লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীর অফিসে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক ঠিকাদারের কাছ থেকে টাকার বান্ডিল নিয়ে গুনে পকেটে ভরছেন তিনি। এই ভিডিও নিয়ে এখন জেলায় আলোচনা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ইজিপি টেন্ডারের মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার এক ঠিকাদার একটি সড়ক সংস্কারের কাজ পান। কাজ শেষে বিলের নথিপত্রে স্বাক্ষর করার জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি করেন মোহাম্মদ আলী। দীর্ঘদিন ফাইল আটকে রাখায় শেষ পর্যন্ত ওই ঠিকাদার তাকে চাহিদা মতো টাকা দিতে বাধ্য হন।
৪৩ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে শোনা যায়, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী ঠিকাদারকে উদ্দেশ করে বলছেন, ‘‘আপনারা বসেন, বিল রেডি করিতেছি, এখনই সই করে দিচ্ছি।’’ এরপর ঠিকাদারের দেওয়া টাকার বান্ডিল তিনি স্বাভাবিক ভঙ্গিতে গুনে নিজের প্যান্টের পকেটে রাখেন। বিষয়টি কৌশলে নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখেন ওই ঠিকাদার।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ঘুষ নেওয়ার ওই ভিডিওটি মোহাম্মদ আলীর সাবেক কর্মস্থল মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় থাকাকালীন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, এর আগেও ঘুষ নেওয়ার অভিযোগে মোহাম্মদ আলীকে শাস্তিমূলক বদলি হিসেবে কমলনগরে পাঠানো হয়। প্রায় ছয় মাস ধরে তিনি কমলনগর উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তবে ঘুষ নেওয়ার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় অফিস পাড়াসহ স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। কমলনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল কাদের মোজাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
অভিযুক্ত উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।