খেলাধুলা

কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জোর প্রস্তুতিতে বাংলাদেশ দল

উত্তর কোরিয়ার বিপক্ষে এএফসি নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সিডনিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দলের প্রস্তুতি অনুশীলন।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলা এই অনুশীলন সেশন শুরু হয় হালকা ওয়ার্ম আপের মাধ্যমে। এরপর খেলোয়াড়রা বলের দখল ধরে রাখা এবং খেলার ছন্দ ঠিক রাখতে পজেশনভিত্তিক অনুশীলনে অংশ নেন। পরে কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আক্রমণ ও রক্ষণ দুই দিকের সেট পিস নিয়ে কৌশলগত অনুশীলন করা হয়।

অনুশীলনের শেষ ভাগে গোল করার দক্ষতা বাড়াতে ফিনিশিং ড্রিল করেন ফুটবলাররা। আসন্ন ম্যাচকে সামনে রেখে আক্রমণভাগের সমন্বয় ও মুভমেন্টে বাড়তি গুরুত্ব দেওয়া হয় এই সেশনে।

অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফঈদা খন্দকার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত অফিসিয়াল প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে অংশ নেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় উত্তর কোরিয়া নারী জাতীয় ফুটবল দলের পক্ষ থেকেও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ রি সং হো এবং খেলোয়াড় ওহ সল সং। আগামীকাল শুক্রবার সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে। বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।