ক্যাম্পাস

জাবিতে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এই বিশাল আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের প্রায় ১৫ শতাধিক মানুষ শরিক হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক রাশেদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যান। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অংশগ্রহণ ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান তাঁর বক্তব্যে বলেন, “পবিত্র রমজান মাস আমাদের আত্মসংযম ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। বিশ্ববিদ্যালয়ের সকল পক্ষকে নিয়ে এ ধরনের আয়োজন সম্প্রীতির পরিবেশ আরো সুদৃঢ় করে।’’

এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করি, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।’’ 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের। তবে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের কারণে তিনি সময়মতো পৌঁছাতে পারেননি। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিশ্ববিদ্যালয় পরিবারকে একত্রিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় সোচ্চার থাকব।“

ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।