নাটোরের সিংড়ায় ইজিবাইক চুরির অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কামার বড়িয়া গ্রামের মৃত নজের আলীর দুই ছেলে মো. হানিফ (৬০) ও মো. বেদন (৩৫), ভুট্টুর ছেলে মো. হাসান (২৮), আব্দুল হান্নানের ছেলে মো. শিমুল (৩০) এবং দুলালের ছেলে মো. আশিক (২২)।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, হানিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে কামার বড়িয়া গ্রামের বায়েজিদের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়। ওই ঘটনায় বায়েজিদ বাদী হয়ে একই গ্রামের আল আমিন ও পাবনা জেলার বাসিন্দা মুনিরের বিরুদ্ধে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত মুনির বড়িয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন এবং তিনি আল আমিনের খালাতো ভগ্নীপতি। থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার দিবাগত রাতে আল আমিন, মুনির ও আশিকসহ অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বায়েজিদের বাড়িতে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ওসি আ ব ম আব্দুন নূর বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”