টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারকা লেগ স্পিনার রশিদ খানের জায়গায় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানকে।
২৪ বছর বয়সী এই ব্যাটারের নেতৃত্বে প্রথম দায়িত্ব আসছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ১৩ মার্চ থেকে শারজাহতে শুরু হবে সিরিজটি। এরপর মাসের শেষ দিকে দুবাইয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান।
তবে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে সিরিজ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথের স্বাভাবিক রুট বন্ধ থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সিরিজ নির্ধারিত সময় ও ভেন্যুতেই হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে।
বোর্ডের ভাষ্য, আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আমিরাত ক্রিকেট বোর্ড ও ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আগের সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের দিকেই এগোচ্ছে তারা। তবে প্রয়োজন হলে বিকল্প ভেন্যু বা নতুন সূচিও বিবেচনায় নেওয়া হবে।
জাদরানের জন্য নেতৃত্ব নতুন কিছু নয়। এর আগে টি-টোয়েন্টি সংস্করণে তিনি ১১ ম্যাচে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। এই ফরম্যাটে তিনি দলের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬৫ ইনিংসে তার সংগ্রহ ১৮৬৫ রান, গড় ৩৩ দশমিক ৩০ এবং স্ট্রাইক রেট ১১৪ দশমিক ৮৩।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, রশিদ খানের অধিনায়কত্বে দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল, বিশেষ করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ছিল বড় অর্জন। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এবং কোচিং স্টাফে পরিবর্তনের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন প্রধান কোচ রিচার্ড পাইবাসের সঙ্গেই কাজ শুরু করবেন জাদরান। জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হওয়া পাইবাসের অধীনেও প্রথম দায়িত্ব হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ।
বিশ্বকাপ দলে থাকা কয়েকজন ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, পেস বোলিং অলরাউন্ডার গুলবদিন নাইব এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ ইসহাককে এই দলে রাখা হয়নি। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নূর উর রহমান, শরফউদ্দিন আশরাফ ও ফারিদ মালিক।
অন্যদিকে একদিনের দলের নেতৃত্বে থাকছেন হাশমতুল্লাহ শহিদি, আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রহমত শাহ।
বিশ্বকাপে চোট পাওয়া নাভিন উল হকের বদলি হিসেবে দলে ঢোকা জিয়া উর রহমান শরিফিও এবার প্রথমবারের মতো একদিনের দলে ডাক পেয়েছেন। এর আগে আফগানিস্তানের হয়ে একটি টেস্ট ও ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
তরুণ পেসার বিলাল সামিও একদিনের দলে জায়গা ধরে রেখেছেন। গত বছর অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই বোলার।
সব মিলিয়ে নেতৃত্বে পরিবর্তন ও নতুন মুখের সংযোজনের মধ্য দিয়ে নতুনভাবে নিজেদের গুছিয়ে নিতে চাইছে আফগানিস্তান ক্রিকেট দল।