করণ মালহোত্রা নির্মিত সিনেমা ‘অগ্নিপথ’। সঞ্জয় দত্ত, হৃতিক রোশান, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমাটি ২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় ব্যবহার করা হয় ‘চিকনি চামেলি’ শিরোনামের গানটি। মূলত, এটি আইটেম গান।
‘চিকনি চামেলি’ গানে আইটেম কন্যা হিসেবে পারফর্ম করেন ক্যাটরিনা কাইফ। গানটিতে কণ্ঠ দেন শ্রেয়া ঘোষাল। ক্যাটরিনার নাচের হিল্লোল আর শ্রেয়ার কণ্ঠে পাগল করা সুর এখনো দর্শক হৃদয়ে নাড়া দেয়। যদিও হিন্দি ভাষার এ গানের কিছু কথা যৌন ইঙ্গিপূর্ণ ও চটুল। ফলে গানের গুণগত মান নিয়ে প্রশ্নে উঠেছে।
গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল জানিয়েছিলেন, এ গান নিয়ে বিব্রত তিনি। ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন শ্রেয়া। কয়েক দিন আগে রাজ শামানিকে দেওয়া সাক্ষাৎকারে এই গায়িকা বললেন—“এ গান নিয়ে মোটেও লজ্জিত নই।”
শ্রেয়া ঘোষাল বলেন, “হ্যাঁ, আমি গানটি গেয়েছি। আমি গানটি পছন্দও করি। আমার মনে হয়, এটি ভালো গান। কিন্তু এখন আর এ ধরনের গান রেকর্ড করব না। তবে এ নিয়ে আমি লজ্জিতও নই। সেই সময়ে গানটি গেয়েছিলাম। এটি এমন একটি গান, যার সঙ্গে আমাকে সবসময়ই থাকতে হবে। কখনো কখনো শিশুরাও এই গানের সঙ্গে নাচে। অনেক সময় আমি চোখ বন্ধ করে ফেলি। কিন্তু এটিকে অস্বীকারও করতে পারি না। এটা আমারই গান।”
‘চিকনি চামেলি’ গাওয়ার সময়ে গানের কথা বুঝতে পারেননি শ্রেয়া ঘোষাল। এ বিষয়ে তিনি বলেন, “গানটি শুধু একটি মজার গান নয়; এর মধ্যে অনেক শিল্পকর্মও রয়েছে। নরম কিছু সংস্করণও ছিল। শেষ পর্যন্ত যে সংস্করণটি সিনেমায় ব্যবহার করা হয়েছে, তা মূল খসড়াগুলোর তুলনায় কিছুটা বেশি সূক্ষ্ম, যদিও তাতেও ইঙ্গিতপূর্ণ কথা রয়েছে। তখন সবসময় বুঝতাম না আমি কী গাইছি। গানের কিছু কথার অর্থ পুরোপুরি বোঝার মতো পরিপক্কতা আমার ছিল না।”
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। গানের সঙ্গে তার সখ্যতা মাত্র ৪ বছর বয়সে। ১৬ বছর বয়সে জি-টিভির ‘সা রে গা মা পা’ গানের প্রতিযোগিতায় শিশুদের বিশেষ পর্বে অংশগ্রহণ করে বিজয়ী হন। এ শোয়ে দ্বিতীয়বার অংশ নিয়েই ভাগ্যের চাকা ঘুরে যায় তার। কারণ এ শোয়ের সুবাদে চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানসালির নজরে পড়েন তিনি। ২০০০ সালে সঞ্জয় লীলা বানসালি শ্রেয়াকে তার নির্মিত ‘দেবদাস’ সিনেমার গান গাওয়ার প্রস্তাব দেন। পার্বতী চরিত্র রূপায়নকারী ঐশ্বরিয়া শ্রেয়ার গানে ঠোঁট মেলান। সিনেমাটির পাঁচটি গান গেয়েছিলেন শ্রেয়া।
‘দেবদাস’ সিনেমা মুক্তির পর শ্রেয়া ঘোষালের গাওয়া ‘বৈরী পিয়া’ আর ‘ডোলা রে’ শিরোনামের গানটি দর্শকদের মুখে মুখে ছিল। ‘দেবদাস’ সিনেমায় শ্রেয়ার গান গাওয়ার সুযোগ পাওয়ার পেছনে আরেকটি গল্প রয়েছে। রিয়েলিটি শো ‘সারে গা মা পা’ নিয়মিত দেখতেন সঞ্জয় লীলা বানসালির মা লীলা বানসালি। মূলত, পুত্র সঞ্জয় লীলাকে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের কথা প্রথম বলেন লীলা বানসালি।
এরপর শ্রেয়া ঘোষালকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অসংখ্য সিনেমার গান কণ্ঠে তুলেছেন তিনি। শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের ইতিহাসে মাত্র ২৬ বছর বয়সে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একমাত্র গায়িকা শ্রেয়া ঘোষাল।