রাজনীতি

কূটনীতিকদের কাছে এনসিপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে: নাহিদ

এনসিপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, “গত দেড় বছরের অভিজ্ঞতা ও লড়াই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে।”

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম ও প্রকাশক আদর্শ এর স্বত্বাধিকারী মাহবুব রাহমান।

নাহিদ বলেন, “বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে ‘এনসিপির যাত্রা’ বইটিতে আমাদের সব অবস্থান ও আদর্শ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে।”

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ শিক্ষার্থীদের। আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার নামই হলো এনসিপি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় এই দলটির ভিত্তি অনেক মজবুত।”

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটি বড় অংশই বর্তমানে এনসিপির সঙ্গে সম্পৃক্ত।”

তিনি বলেন, “গত দেড় বছরের অভিজ্ঞতা ও লড়াই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নেপালের মতো অস্থির পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে।

তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাহিত্য, গান ও সংস্কৃতির মাধ্যমে একে ফুটিয়ে তোলার পাশাপাশি নিরপেক্ষ গবেষণার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি দলের সাফল্য তুলে ধরে বলেন, “মাত্র ৩০টি আসনে নির্বাচন করে ভোটের হিসাবে সারা দেশে তৃতীয় হওয়া এনসিপির বড় অর্জন। এতে প্রমাণ করে মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষায় ছিল।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন ও এনসিপির ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ার প্রমুখ।