সারা বাংলা

বরগুনায় গৃহবধূর মুখ থ্যাঁতলানো মরদেহ উদ্ধার

বরগুনা সদরের আগাপদ্দা এলাকা থেকে আলম তাজের (৪২) নামে এক গৃহবধূর মুখ থ্যাঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। আলম তাজের একই এলাকার মাছ ব্যবসায়ী আবুল হোসেন হাওলাদারের স্ত্রী।

আবুল হোসেন হাওলাদার বলেন, “এক প্রতিবেশী ইফতারির পর আমার ঘরে আসেন। এ সময় তিনি আমার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। ফোনে আমাকে জানালে থানায় খবর দেই।”

বরগুনা থানার ওসি আব্দুল আলীম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার মুখ থ্যাঁতলানো ছিল। এ বিষয়ে তদন্ত আছে। ডাকাতির ঘটনা নাকি অন্য কোনো বিষয় সেটা তদন্ত শেষে বলা যাবে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”