সারা বাংলা

বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে দুই সন্তানের জননী আছিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ফরহাদ হোসেন পহলানের (৩০) বিরুদ্ধে।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম অঙ্কুজান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ফরহাদ হোসেন একই এলাকার আব্দুর রব পহলানের ছেলে। নিহত আছিয়া বেগম একই ইউনিয়নের মৌরভী গ্রামের মজিবর জোমাদ্দারের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত বছর আগে ফরহাদ হোসেনের সঙ্গে আছিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফরহাদ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে প্রায়ই আছিয়াকে নির্যাতন করতেন। আছিয়ার পরিবার সব সময় তাদের কথামতো টাকা দিলেও শুক্রবার রাতে ফের যৌতুকের দাবিতে মারধর করা হয়। এতে আছিয়া মারা যান। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন আছিয়া আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার চালায়।

নিহতের বাবা মজিবর জোমাদ্দার অভিযোগ করেন, “মেয়ের বিয়ের পর থেকেই ফরহাদ হোসেন ও তার পরিবার যৌতুকের দাবি করে আসছিল। বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা জামাইকে দিয়েছি এবং একবার প্রবাসে পাঠিয়েছি। কিন্তু গত রাতে যৌতুকের দাবিতে মারধরে আমার মেয়ে মারা যান। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”

তালতলী থানার ওসি আশাদুর রহমান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।”

এদিকে, ঘটনার পরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।