কক্সবাজারে চাঁদা না দেওয়ায় গণেশ পাল (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লানকাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পল্লানকাটায় নতুন বাড়ি নির্মাণ করছিলেন গণেশ পাল। এজন্য তার কাছে চাঁদা দাবি করছিলেন স্থানীয় কিছু যুবক। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই আশীষ পাল বলেন, “আমার ভাই সকালে দোকানে ছিল, পরে বাড়ির কাজ দেখতে যায়। এরপরই এ হত্যাকাণ্ড ঘটে। যারা চাঁদা দাবি করেছিল, তারাই তাকে মেরেছে। আমি খুনিদের ফাঁসি চাই।”
কারা চাঁদা দাবি করেছিল? এমন প্রশ্নে তাদের নাম জানেন না বলে জানান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, “পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”