সারা বাংলা

পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি পানছড়ির মরাটিলা এলাকার মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

ইউপিডিএফের অভিযোগ, জেএসএস সন্তু গ্রুপের ১৫–২০ জনের সশস্ত্র সদস্য আপন ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে। তবে জেএসএসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”