সারা বাংলা

ঝিনাইদহে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা 

ঝিনাইদহে পেট্রলপাম্পে তেল নিতে গিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিক্রয়কর্মীদের বিরুদ্ধে। 

শনিবার (৭ মার্চ) রা‌ত ১০টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ‌মেসার্স তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা‌ ঘটে। 

নিহত নীরব হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর রহমানের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল আরেফীন এসব তথ্য জানান।

তিনি বলেন, “এই ঘটনায় তিনজন‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তদন্ত শে‌ষে আটককৃত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নীরব তার দুজন বন্ধুসহ মোটরসাইকেলে তেল নিতে যান। কিন্তু ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীরা তাকে তেল দেননি। তবে কিছুক্ষণ পরেই স্টেশনের কর্মীরা বোতলে তেল ভরছিলেন। সেটা দেখে তিনি জানতে চান কেন বোতলে তেল ভরা হচ্ছে, আর তাকে কেন তেল দেওয়া হয়নি। এ নিয়ে ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিক্রয়কর্মীরা তাকে বাঁশের লাঠি নিয়ে মারধর শুরু করেন। পরে বন্ধুরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।