রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশের ডিএমপি রমনা জোন। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগ ২৬ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
শনিবার (৭ মার্চ) রাতে সেখানে অভিযান চালানো হয়।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, “ডিএমপির রমনা জোন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভাম্যমাণ আদালত ও স্পেশাল ডগ স্কোয়াড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক সেবনের নানা উপকরণ উদ্ধার করা হয়। পরে অপরাধের ভিত্তিতে সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেন।”
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাতে সোহরাওয়ার্দী উদ্যানে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করে উৎসুক কয়েকজন পুলিশ সদস্য। সেসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ ওই ঘটনায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহারও করা হয়।