খেলাধুলা

উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ

অস্ট্রেলিয়ার পার্থে শেষ প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। রবিবার সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত পার্থের ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে অনুশীলন করে দলটি। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এই সেশনকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন কোচিং স্টাফ।

অনুশীলনের শুরুতে খেলোয়াড়দের ওয়ার্ম আপ ড্রিল করানো হয়। এরপর দলীয় সমন্বয় ও খেলায় গতি বজায় রাখতে পরিকল্পিত পাসিং অনুশীলন হয়। পুরো সেশনের শেষ অংশে খেলোয়াড়দের নিয়ে ২০ মিনিটের একটি প্রতিযোগিতামূলক ১১ বনাম ১১ অভ্যন্তরীণ ম্যাচ অনুষ্ঠিত হয়। এই সময় কোচিং স্টাফ দলের কৌশলগত বিষয়গুলো শেষবারের মতো পর্যবেক্ষণ করেন।

অনুশীলন শেষে দলের প্রধান কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফঈদা খন্দকার পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত আনুষ্ঠানিক প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা দলের প্রস্তুতি ও আগামী ম্যাচ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা গণমাধ্যমকে জানান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কোয়াডের সব খেলোয়াড় সুস্থ আছেন এবং বর্তমানে দলে কোনো ধরনের ইনজুরির সমস্যা নেই।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আগামীকাল বিকেল ৫টায় পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। ম্যাচটি নিয়ে দল ও সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।