সারা বাংলা

রাঙামাটিতে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট রোধে অভিযান

রাঙামাটির রাজস্থলী উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট দূর করতে এবং বাজার মনিটরিংয়ের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি তেলের দোকান ও একজন সার ডিলারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৮ মার্চ) দুপুরে রাজস্থলী উপজেলা সদর ও রাজস্থলী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। 

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় উপজেলা সদরের ‘আয়েশা অয়েল’, ‘মিনহাজ স্টোর’ ও ‘মোঃ নোমান’-এর তেলের দোকানকে ৫০০ টাকা করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘মৃদুল স্টোর’ নামের একজন সারের ডিলারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার বলেন, কেউ যাতে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করে ফায়দা তুলতে না পারে, সেজন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।