আইন ও অপরাধ

প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে আটক

বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেনকে (৩৪) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে। হাদি হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থান করে এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদিকে খুন করে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।

এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদেরকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত আছে।