মধ্যপ্রাচ্যে আজ সোমবার (৯ মার্চ) টানা দশম দিনের মতো সংঘাত অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনী ইরানে ও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। জবাবে ইরান থেকে ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী কিছুক্ষণ আগে জানায়, ইরান থেকে তাদের লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে এই হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে।
এদিকে কাতারের রাজধানী দোহায় রাত থেকে এখন পর্যন্ত ১২ থেকে ১৩টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা কাতারকে লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছে। ফুজাইরাহ তেল শিল্প এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাহরাইন সরকার কিছুক্ষণ আগে জানায়, দেশটির মাআমির গ্রামের একটি স্থাপনায় ইরানি হামলায় আগুন ধরে গেছে। তার আগে সিতরা এলাকায় ড্রোন হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নাগরিক আহত হয়েছেন।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে আল-জাজিরা ঘণ্টাখানেক আগে জানায়, দেশটি শায়বাহ তেলক্ষেত্রে হামলা চালাতে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া রাজধানী রিয়াদের কাছে আরও দুটি ড্রোন এবং একটি প্রজেক্টাইল ধ্বংস করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।
ইরাকে নতুন করে দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া বাগদাদ বিমানবন্দরের ভেতরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’ লক্ষ্য করে আসা ড্রোন ভূপাতিত করা হয়েছে। আল-ইলাম পাড়ায় একটি ড্রোন ধ্বংসের সময় একজন নারী আহত হয়েছেন।
সোমাবার ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ-তে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। ভোরে হওয়া এই বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে।
হিউম্যান রাইটস ওয়াচ এক রিপোর্টে জানিয়েছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাদা ফসফরাস ব্যবহার করছে, যা বেসামরিক মানুষের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কিছুক্ষণ আগে জানায়, তারা দক্ষিণ লেবাননের ওদাইসেহ গ্রামের কাছে রকেট হামলার মাধ্যমে ইসরায়েলি সেনা ও সামরিক যানকে লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ভেতরে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইসফাহানে অবস্থিত আধা-সামরিক বাহিনী বাসিজ-এর কমান্ড সেন্টার, রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র।
ইসরায়েলের মতে, এই হামলার উদ্দেশ্য হলো ইরানি শাসনের মূল ভিত্তিগুলোর ক্ষতি সাধন করা।