চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের পরকীয়া প্রেমঘটিত বিরোধের জেরে সালিশ বৈঠকে আনিসুর রহমান ওরফে বেহুদলা (৬০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ অন্তত চারজন আহত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্ট বাজার এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য জানিয়েছেন।
নিহত আনিসুর রহমান শিবগঞ্জের দেওয়ান জাইগির গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানান, আনিসুর রহমানের ছেলে আসমাউলের সঙ্গে এক মেয়ের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গত ১৮ ফেব্রুয়ারি গ্রাম্য সালিশের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আপোস মীমাংসা হয়। ওই বৈঠকে ছেলে পক্ষকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নগদ ২০ হাজার টাকা পরিশোধের শর্তে বিষয়টি সাময়িকভাবে মিটমাট করা হয়েছিল।
তারা জানান, ওই ঘটনার জেরে রবিবার রাতে কোর্ট বাজারে পুনরায় উভয় পক্ষ সালিশে বসলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মেয়ে পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে আসমাউল ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে আনিসুর রহমান ওরফে বেহুদলা, তার ভাই মনসুর আলী এবং তিন ছেলে রব্বিকুল, আসমাউল ও আব্দুল আউয়াল জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আনিসুর রহমান ওরফে বেহুদলাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আসমাউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ছেলের পরকীয়া প্রেম নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে উত্তেজনার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।