আন্তর্জাতিক

এক দিনে আমিরাতে ১৫ ক্ষেপণাস্ত্র ও ১৮ ড্রোন নিক্ষেপ

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধু এক দিনে ইরান থেকে ছোড়া একাধিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার (৯ মার্চ) মোট ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে ১২টি আকাশেই ধ্বংস করা হয়েছে এবং বাকি তিনটি সাগরে পড়েছে।

এদিন ইরান থেকে পাঠানো ১৮টি ড্রোনও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৭টি ভূপাতিত করা হয়েছে এবং একটি ড্রোন সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউএইর দিকে দিকে মোট ২৫৩টি ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৪৪০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

আলজাজিরা লিখেছে, এই হামলাগুলোর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সোমবার পর্যন্ত ইউএইতে চারজন নিহত হয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও জবাব দিচ্ছে।  তবে তেহরানের বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সেখানকার তেলের ডিপোতে ইসরায়েলের হামলার পর শহরটির অবস্থা আরো বেশি নাজুক হয়ে পড়েছে।

এ অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করছে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েতসহ বেশ কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।