জাকাত ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো কার্যকর ও উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আস সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ও জাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
বৈঠকে জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় জাকাত বোর্ড পুনর্গঠন করা হবে। পাশাপাশি জাকাত ব্যবস্থাপনা কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে গঠিত প্রস্তাবিত এই কমিটিতে থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ এবং স্থানীয় ইসলামি অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমরা।
এই কমিটি জাকাত সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও কার্যকর করতে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “সরকার সুশৃঙ্খলভাবে জাকাত সংগ্রহ ও বণ্টনের উদ্যোগ নিচ্ছে। জাকাত ব্যবস্থাপনা নিয়ে ৫ থেকে ৭ সদস্যদের একটি কমটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১০ দিনের মধ্যে এ কমিটি হয়ে যাবে।”
বৈঠকের পর শায়খ আহমাদুল্লাহ বলেন, “বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনা আরো কার্যকর ও সুশৃঙ্খল করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে আমাকে থাকার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন। আমি চেষ্টা করব থাকার জন্য, ইনশাআল্লাহ।”
এর আগে, গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। খবর বাসসের।