সারা বাংলা

‘পুলিশ ও প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না’

জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, দলীয় নেতাকর্মীদের জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে, পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাতে জড়ানো যাবে না।

সোমবার (৯ মার্চ) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

জাতীয় সংসদের হুইপ বলেন, ‘‘আমি এটা বারবার বলে যাচ্ছি। শুনে রাখবেন। কারো কোনো কাজ থাকলে ব্যক্তিগতভাবে করবেন। যদি কারো কাজ না হয়, আমি আছি। কিন্তু অফিসে গিয়ে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী কিংবা পুলিশের সঙ্গে কোনো বেয়াদবি করবেন না।’’ 

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, ‘‘যারা রাজনীতি বোঝেন, তারা বুঝতে পারছেন আমরা এখন একটি কঠিন সময় অতিক্রম করছি। আমাদের নেতা আগেই বলেছিলেন, এই নির্বাচন সহজ হবে না। বাস্তবেও তাই হয়েছে। সামনে আরো কঠিন সময় আসছে। এখন পর্যন্ত আমরা পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আসতে পারিনি।’’ 

তিনি আরো বলেন, ‘‘আগে বিভিন্ন মুভমেন্ট, হরতাল ও মিছিল করার সুযোগ ছিল। এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনী এখন সক্রিয়। এই পরিস্থিতিতে আমাদের আরো বেশি সজাগ থাকতে হবে। যারা সুবিধাবাদী, সুযোগসন্ধানী কিংবা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। ইনশাআল্লাহ, আমরা তা হতে দেব না।’’ 

তিনি বলেন, ‘‘আজ যদি নির্বাচনের ফল উল্টো হতো, তাহলে আপনারা কি নিজ নিজ ঘরে নিরাপদে থাকতে পারতেন? ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের এখনো যারা অস্বীকার করে, তারা নানা অপপ্রচার চালাচ্ছে। আমার নেতার পরিবারের সদস্যদের নিয়েও অশালীন কথা বলা হয়েছে।’’ 

গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, এখন এমন সময় এসেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো মানহানি করা হচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারে না কী সত্য, কী মিথ্যা। শুধু গুজব রটনাকারীরাই এসব জানে। তাই তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।