সারা বাংলা

ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

কুড়িগ্রামে ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকেলে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, “ঘোগাদহ বাজার এলাকায় ইলেকট্রিক ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন।”

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “নিহত দুইজন ইলেকট্রিশিয়ান ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”