নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) অস্ত্র লুটের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) রাত সোয়া ১১টার দিকে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
আটক ব্যক্তির নাম মো. মিশাল। ৩০ বছর বয়সী এই ব্যক্তি নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকার প্রয়াত মিজানুর রহমানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বন্দরের সোনাকান্দার বেপারীপাড়া এলাকা থেকে সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে একজনকে আটক করা হয়। অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও চলছে।
এর আগে, একইদিন সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন এএসআই লুৎফর রহমান। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।
সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং সঙ্গে থাকা তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।” ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার ওই অংশটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও পথচারীরা প্রায়ই সেখানে ছিনতাইয়ের শিকার হন।