কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার বাঘাইয়ার চর এলাকার ইমরান নাজির (২২), কুমিল্লার বরুড়া উপজেলার ফয়েলগাছা ইউনিয়নের ফয়েলগাছা এলাকার মো. সাফা আহাম্মদ (২১) এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কানুয়ার মুখ এলাকার সোহেল রানা (৩৬)।
কুমিল্লা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।