দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে নারী কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
সোমবার (৯ মার্চ) অভিযোগের তদন্ত করতে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে যান বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ।
ভুক্তভোগী নারীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত। প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেন তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
তিনি বলেন, “আমি একজন নারী। আমার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে সে। বিভিন্ন অজুহাতে আমাকে ফোন করে এবং তার বাড়ি কিংবা আবাসিক হোটেলে যেতে বলে। আমি বারবার তাকে নিষেধ করেছি এবং বলেছি, আমার সংসার আছে, এমন প্রস্তাব না দিতে। আমার সংসার ভাঙার চেষ্টা করবেন না এবং আমাকে ফোন দেবেন না বলেও জানিয়েছি। তারপরও সে ফোনে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে। তার দেওয়া ফোন কলের রেকর্ডও আমার কাছে রয়েছে। আমি সুষ্ঠু বিচার দাবি করছি।”
এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী আনোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে, তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত অফিস ত্যাগ করেন।
তদন্তে আসা বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ বলেন, “হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ আমরা তদন্ত করতে এসেছি। তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা জানান, “বিভাগীয় তদন্তের বিষয়। তদন্ত করে তারা ব্যবস্থা নেবে।”