সারা বাংলা

ট্রেনে উঠে পড়ে শিশু আব্দুল্লাহ, তারপর যা ঘটলো

স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠে পড়ে ১০ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এরপর আর বাড়ি ফেরা হয়নি তার। দীর্ঘদিন ধরে তাকে খুঁজতে থাকা স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। কুমিল্লা থেকে হারানো আব্দুল্লাহ ৮ মাস পর তার পরিবারের কাছে ফিরেছে। স্বজনদের কাছে তাকে ফিরতে সহযোগিতা করেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে পুলিশ।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। অনেকদিন পর ভাইকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে শিশু আব্দুল্লাহ। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আব্দুল্লাহ কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের মামুন মিয়ার ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসের শুরুতে আবদুল্লাহ স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তখন থেকে সে নিখোঁজ ছিল। মূলত সে একটি ট্রেনে উঠে পড়েছিল। ফলে আর বাড়ি ফিরতে পারেনি। 

রবিবার (৮ মার্চ) ঈশ্বরদী রেলওয়ে জংশনের স্টেশন সুপারিন্টেন্ডেন (এসএস সিগন্যাল) মো. ইফতেখারুল ইসলাম শিশুটিকে দেখতে পান। এরপর রাত ৯টার দিকে আব্দুল্লাকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

কর্তব্য ও মানবিকতার তাগিদে রেলওয়ে পুলিশ এবং স্থানীয়দের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুল্লাহর নিখোঁজের বিষয়ে প্রচার চালানো হয়। পরে ধীরে ধীরে কথা বলা শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

আব্দুল্লাহ’র ভাই ফাহিম হোসেন বলেন, ‌“স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আব্দুল্লাহ আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। ৮ মাস পর রবিবার রাতে জানতে পারি আব্দুল্লাহকে এখানে (ঈশ্বরদীতে) পাওয়া গেছে। পরে রাতেই ঈশ্বরদীতে এসেছি এবং আজ সোমবার তাকে নিয়ে যাচ্ছি। আব্দুল্লাহকে ফিরে পেয়ে আমরা খুব খুশি।”

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, “শিশুটিকে পাওয়ার পর সে তার ঠিকানা দিতে পারেনি। পরে আমরা সব থানা ও ফেসবুকেসহ বিভিন্নভাবে প্রচারণা চালাই। অবশেষে তার পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেওয়া হয়। তার দুই ভাই ফাহিম ও রিশাত থানায় আসার পর আব্দুল্লাহ দুই ভাইকে জড়িয়ে ধরে। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। উপস্থিত সবাই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।”

তিনি বলেন, “সেই মুহূর্তে নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়েছিল। হয়তো এটিই মানবতা। আমরা সামান্য একটি চেষ্টা করেছি। শিশুটির নোংরা পোশাক পরিবর্তন করে তাকে নতুন একটি পোশাক পরিয়ে দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

ক্যাপশন: ৮ মাস পর ভাইদের ফিরে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে শিশু আব্দুল্লাহ। সোমবার দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানায়।