আন্তর্জাতিক

ইরানের ৫০টিরও বেশি জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের ৫০টিরও বেশি জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১০ মার্চ) ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এই দাবি করেন। খবর আল-জাজিরার। 

কেইন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইরানের মাইন-স্থাপনকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। তিনি দাবি করেন, যুদ্ধের প্রথম ১০ দিনেই তারা ৫০টিরও বেশি নৌজাহাজ ডুবিয়ে বা ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, ইরান পাল্টা লড়াই করছে ঠিকই, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের ভাবনার চেয়ে খুব একটা বেশি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হতে পারেনি।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুমকি দিয়ে জানান, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেশটিকে ‘আগের চেয়েও কঠোরতর’ আঘাত সইতে হবে।

মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে তিনি গতকাল ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ফোনালাপের বিষয়টিও উল্লেখ করেন। তিনি জানান, পুতিনকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, রাশিয়ার ইরানের এই যুদ্ধে ‘জড়িত হওয়া উচিত হবে না’।