মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার নির্ধারিত সীমিত ওভারের সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল ৬ ম্যাচের এই সিরিজ।
সূচি অনুযায়ী, প্রথমে শারজাহে ১৩, ১৫ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ হওয়ার কথা ছিল ৩টি একদিনের ম্যাচ।
তবে আকাশপথের জটিলতা এবং অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি। শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা জানিয়েছেন, “ফ্লাইট চলাচলের সমস্যার কারণে এবং অঞ্চলে চলমান সংঘাতের পরিস্থিতিতে আমাদের সিরিজটি বাতিল করতে হয়েছে।”
এই সিরিজটি অনুষ্ঠিত হলে সেটিই হতো আফগানিস্তানের আয়োজনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। তবে বর্তমান পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা গেল না।
সিরিজটি শেষ হওয়ার পর শ্রীলঙ্কা দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার গ্যারি কারস্টেনের। শ্রীলঙ্কা ক্রিকেট ইতোমধ্যে ঘোষণা করেছে, তিনি ১৫ এপ্রিল থেকে ২ বছরের চুক্তিতে দায়িত্ব শুরু করবেন।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হয়। এই পরিস্থিতিতে পুরো অঞ্চলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিশেষ করে দুবাইসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধও করতে হয়েছে। ফলে আন্তর্জাতিক দলগুলোর ভ্রমণ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতির কারণে আফগানিস্তান এখনো নিজেদের দেশে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারেনি। তাই তাদের ‘হোম সিরিজ’ সাধারণত ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতেই আয়োজন করা হয়।
বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।