মেয়াদ পূর্ণ হওয়া একটি বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ডকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তর করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মিউচ্যুয়াল ফান্ডটির নাম হলো-এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। মিউচ্যুয়াল ফান্ডটির মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়া সাপেক্ষে ইউনিটহোল্ডারদের সম্মতিতে তা বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০২তম কমিশন সভায় কোম্পানির বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের সড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভায় কমিশন মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের মতামত সহ ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির আবেদনের প্রেক্ষিতে, এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড হতে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, একই সাথে কমিশন ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদিও অনুমোদন প্রদান করেন। রূপান্তরিত বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের প্রাথমিক আকার হবে ৫০ কোটি টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং এর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।