সারা বাংলা

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “বাংলাদেশের মানুষ এই ইলেকশনে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছে। সংস্কার বাস্তবায়নের জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি। কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই হিসাব নেওয়ার জন্য সংসদে যাচ্ছি। ফ্যাসিস্টের কোনো দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না।”

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজশাহী টিচার্চ ট্রেনিং কলেজ মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, “আমরা ১২ মার্চের জন্য অপেক্ষা করছি। ১২ মার্চ সংসদের অধিবেশন। শুনছি, সেই সংসদে ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় বক্তব্য দেবে, ভাষণ দেবে।”

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়ে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, “অবিলম্বে এই রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের লড়াই চলবে।”

ইফতারের আগে আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামানিক।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। 

ইফতারে রাজশাহী বিভাগের ৮ জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় ২ হাজার নেতাকর্মী অংশ নেন।